বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে জার্মানির ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।মঙ্গলবার জার্মানির গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে তার বদলে একটি বিবৃতি প্রকাশ করেছে ডিএফবি। সেখানে সমর্থকদের কাছে ‘তীব্র হতাশাজনক পরাজয়ের’ জন্য ক্ষমা চাওয়া হয়েছে।নয়েনডর্ফ নিশ্চিত করেছেন বিশ্বকাপ থেকে বিদায়ের বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যেই কোচ নাগেলসম্যান এবং ক্রীড়া পরিচালক রুডি ফয়লারের সঙ্গে বৈঠক করেছেন।বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সবাই একমত যে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স আমাদের নিজেদের মানদন্ডের অনেক নিচে ছিল।’ ‘আগামী কয়েক দিনে সম্মিলিতভাবে আলোচনা করবো, কেন দলটি নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা দেখাতে পারেনি এবং কেন তারা নিজেদের প্রত্যাশা ও জার্মান ফুটবল পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এমন বিধ্বংসী ধাক্কার পর আমরা কোনোভাবেই সবকিছু আগের মতো চলতে দিতে পারি না এবং দেবও না। সামনে যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে আমাদের পরিবর্তনের পথেই এগোতে হবে।’১৯৯০ সালে পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী লোথার ম্যাথুস বলেছেন, ডিএফবির নাগেলসম্যানকে দায়িত্বে রাখা উচিত নয়। তার মতে, কোচের কৌশলে সৃজনশীলতার ঘাটতি ছিল।
২০১৪ সালের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাটস হামেলসও বলেছেন, এই ব্যর্থতার জন্য ‘দায়িত্বশীল ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে।’ তিনি যোগ করেন, জার্মানির হতাশাজনক ফলাফল ‘কোনো কাকতালীয় ঘটনা নয়।’








