প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোসহ একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি।

বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনগুলো এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিশেষভাবে গুরুত্ব পায়।

আরও পড়ুন

জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবং তা উদ্বোধন করা যাবে।

এ সময় জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বর্তমানে ঘোষিত ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে জাপান।

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে জাপানি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, বাংলাদেশ নৌবাহিনীকে জাপান সরকারের পক্ষ থেকে পাঁচটি পেট্রোল বোট উপহার হিসেবে দেওয়া হবে।

আরও পড়ুন

ভিসা দেওয়া বাড়িয়েছে জাপান, এবার বাড়ছে ফি

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সহযোগিতা ও আন্তর্জাতিক পরিসরে আরও ভূমিকা আশা করেন। 

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশা প্রকাশ করেন।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

কেএইচ/এমএএইচ/