৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিত ভাবে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। গতকাল ভোরে মেক্সিকোর কাছে হেরে যায় ইকুয়েডরও। দুই দেশের কোচই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।নেদারল্যান্ডসের বিদায়ের পর উদ্ধত ভঙ্গিতে কথা বলেছিলেন কোচ রোনাল্ড কোমান। তিনি দায়িত্ব ছাড়ার কথা বলেননি। তবে পরের দিকে একটি বিবৃতিতে কোমান জানান, তিনি কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কোমান লিখেছেন, ‘গত সোমবার রাতে আমি নেদারল্যান্ডস দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পেশাদার জীবনে যা অর্জন করেছি তার জন্য গর্বিত এবং কৃতজ্ঞ। ভিটেস, আয়াক্স, বেনফিকা, পিএসবি, ভ্যালেন্সিয়া, এজেড আকমার, ফেয়েনুর্ড, সাউদাম্পটন, এভার্টন, বার্সেলোনা এবং দু’বার নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে থেকেছি। ক্লাব এবং দেশের মানুষ যে ভালোবাসা দিয়েছেন তার সারাজীবন মনে রাখবো।’তিনি আরও লিখেছেন, ‘এভাবে কোচের পদ থেকে সরে যেতে হচ্ছে ভেবে খারাপ লাগছে। আমরা বিশ্বকাপ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ইতিহাস গড়তে চেয়েছিলাম। তা হয়নি। আমার থেকে বেশি হতাশ আর কেউ নয়। কোচ হিসেবে আমিই দায়ী।’জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে নকআউটের যোগ্যতা অর্জন করেছিল ইকুয়েডর। তবে গতকাল মেক্সিকোর বিপক্ষে তাদের সেই পুরনো মেজাজ দেখা যায়নি। প্রথমার্ধেই দু’গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যায় তারা।

জার্মানিকে হারানোর নেপথ্যে কাজ করেছিল কোচ বেকাসিসির মস্তিষ্ক। তবে মেক্সিকো ম্যাচে তার কৌশল কাজে দেয়নি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার সঙ্গেই আমার চুক্তি শেষ হচ্ছে। যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে পারিনি। দেশের ইতিহাসে বিশ্বকাপে সেরা ফল করতে চেয়েছিলাম। আজ বিদায় জানানোর পালা। সতীর্থ এবং ম্যানেজমেন্টের থেকে যে ভালবাসা পেয়েছি তাতে কোচ থাকতেই চেয়েছিলাম। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে কোচ থাকা আর শোভা পায় না। তাই স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি।’