ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাযাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার কবির হোসেন (৭২)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় জমি থেকে হঠাৎ সড়কে উঠে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী সাহাব উদ্দিন খোকন নিহত হন। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।অন্যদিকে সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী কবির হোসেন। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে।ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।