বাংলা গানের ইতিহাসে সৈয়দ আব্দুল হাদী এমন এক কিংবদন্তি শিল্পী, যার কণ্ঠে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা ও জীবনের নানা অনুভূতি পেয়েছে অনন্য প্রকাশ। বাংলাদেশের সংগীতাঙ্গনের এই বরেণ্য শিল্পীর জীবন, কর্ম ও সংগীতযাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’।প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাইখ সিরাজ। এতে উঠে এসেছে কয়েক প্রজন্মের শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবনসংগ্রাম, শিল্পভাবনা, কর্মময় পথচলা এবং সংগীতজীবনের নানা অজানা অধ্যায়।অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি প্রত্যাশা নিয়ে। একই সঙ্গে উঠে এসেছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং দীর্ঘ শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা।প্রামাণ্যচিত্রটি নিয়ে শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে...’-এর মাধ্যমে আমরা তার সাফল্যের পাশাপাশি একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের জন্যও এটি একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল হয়ে থাকবে।”
উল্লেখ্য, শাইখ সিরাজ এর আগে কিংবদন্তি অভিনেতা রাজ্জাক-কে নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন-কে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ বেশ কয়েকটি আলোচিত প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। ‘গল্প আছে এখানে...’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে দর্শকরা জানতে পারবেন, কীভাবে প্রতিভা, সাধনা ও নিষ্ঠার মাধ্যমে কয়েক দশক ধরে মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছেন সৈয়দ আব্দুল হাদী। তার ৮৬তম জন্মদিন উপলক্ষে নির্মিত এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য হতে পারে এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। আগামী ১ জুলাই বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আই-এ প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’।








