দেশীয় শোবিজে নারী গোয়েন্দা চরিত্রকে কেন্দ্র করে বড় পরিসরের কাজ খুব একটা দেখা যায় না। সেই শূন্যতা পূরণের উদ্যোগ নিয়েই নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ সিরিয়াল ‘নীহারিকা সেন’। সিরিয়ালটির নাম ভূমিকায় অভিনয় করছেন গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাত। তীর প্রডাকশন হাউজ-এর ব্যানারে নির্মিত এই রহস্যভিত্তিক সিরিয়াল ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে নীহারিকা সেন চরিত্রের ফার্স্ট লুক, আর তা প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন সিফাত নুসরাত।জানা গেছে, সিরিয়ালটির প্রথম পর্বের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি পর্ব নির্মাণের পর এটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে। নিজের চরিত্র সম্পর্কে সিফাত নুসরাত বলেন, “ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্র দিয়ে আমি অনেক দূর যেতে চাই। সিরিজজুড়ে নীহারিকা সেনকে ঘিরে নানা রহস্য ও ঘটনাপ্রবাহের বিস্তৃতি ঘটবে।”

বিশেষ বিষয় হলো, সিরিয়ালটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি চরিত্রটির স্রষ্টাও সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিরিয়ালটিতে আরও বেশ কয়েকজন গুণী শিল্পী অভিনয় করছেন। তবে তাদের নাম ও চরিত্রের লুক ধীরে ধীরে প্রকাশ করা হবে। নির্মাতা নাজিরী সাগর বলেন, “বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকে সিফাত নুসরাতের উপস্থিতি নতুনত্ব এনে দিয়েছে। তিনি শুধু সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস।” নারীকেন্দ্রিক রহস্য ও অনুসন্ধানমূলক গল্প নিয়ে নির্মিত ‘নীহারিকা সেন’ দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।