স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে ঢাকা-১৫ আসনের সব উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবো এবং জনগণকে সঙ্গে নিয়ে সব সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভায় এসেছি। তিনি এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরো টিমকে নিয়ে এসেছি জনগণের অভাব, অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে। ডিএনসিসি প্রশাসক এখানকার জনগণের কথা শুনবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে।

সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন জনগণের সেবায় নিয়োজিত। ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিনিয়ত বাসাবাড়ির বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম, খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার, ড্রেন সংস্কার, রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রশাসক বলেন, ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধীদলীয় নেতার এলাকা। এই এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি ও বিরোধীদল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে যা কিছু ভালো তাই করে যাবো এবং দেশের উন্নয়নে একত্রে কাজ করবো।
আরও পড়ুন
জামায়াত আমির / আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়
তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সহযোগিতা করার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বিরোধদলীয় নেতা, প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানান।
এসময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/বিএ








