ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় মামলা করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা। এ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তবে মামলা তদন্তের স্বার্থে আটক হওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা প্রকাশ করেননি তিনি।

এর আগে, ‎ঋণখেলাপি সংক্রান্ত মামলায় ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়। রায় ঘোষণার পরপরই মঙ্গলবার দুপুরের পর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী রাজপথে নেমে আসেন।

সীতাকুণ্ডে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনায় সওজের মামলা, গ্রেফতার ২

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয়দিকে তীব্র যান সৃষ্টি হয়। শত শত দূরপাল্লার গাড়ি ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তা সরিয়ে নেওয়া হয়।

‎সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গ্রেফতার হওয়া দুজনই বিএনপির কর্মী। মামলা করে আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। আসলাম চৌধুরীর জন্য আমরা সব সময় রাজপথে থাকবো।

ওসি মহিনুল ইসলাম জানান, সড়ককের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ ৭০/৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/জেআইএম