শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচটি মামলা করা হয়। এবং ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পরিষ্কার করা হয়, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

ডিএসসিসি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা, ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখা এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।