বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও গ্ল্যামারাস নায়িকা সাদিকা পারভীন পপি আবার অভিনয়ে ফিরবেন কি না এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। এ বিষয়ে নানা সময় নানা গুঞ্জন ও সংবাদ প্রকাশ হলেও এবার নিজেই নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় এই অভিনেত্রী। পপি জানিয়েছেন, তিনি আর কোনো নতুন সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী নন। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে ঘিরেই তার সুখী পারিবারিক জীবন, আর সেই জীবনেই তিনি নিজেকে ব্যস্ত রাখতে চান।তবে অভিনয়ে ফেরার একটি বিশেষ সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। পপির ভাষ্য, ভবিষ্যতে যদি তার জীবন নিয়ে মানসম্পন্ন ও পূর্ণাঙ্গ কোনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেই প্রকল্পে অভিনয়ের কথা বিবেচনা করবেন। পপি বলেন, “আমাকে নিয়ে বিভিন্ন সময় অভিনয়ে ফেরার প্রস্তাব এসেছে। অনেকেই সিনেমা নির্মাণ করতে চান বলেও শুনেছি। কিন্তু আপাতত আমি আর অভিনয়ে ফিরতে চাই না। আমি আমার পরিবার নিয়েই সময় কাটাতে চাই। তবে কেউ যদি আমার জীবন নিয়ে সুন্দরভাবে, নিখুঁতভাবে একটি বায়োপিক নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই আমি তাতে অভিনয় করবো।”তিনি আরও বলেন, “আমার জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় যদি একটি শক্তিশালী গল্পে তুলে ধরা যায়, তবেই আমি সেই বায়োপিকে কাজ করবো। শুধু নামমাত্র কোনো বায়োপিক হলে আমি আগ্রহী নই।”নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে পপি বলেন, একসময় দেশের চলচ্চিত্রে মৌসুমী, শাবনূর, তিনি নিজে এবং পূর্ণিমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই সময়ের স্মৃতি ও ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান রেখেই তিনি চান, তার জীবনভিত্তিক কোনো নির্মাণ হলে সেটি যেন দৃষ্টান্তমূলক ও স্মরণীয় হয়।

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাকশন’ এ অভিনয় করেন। এরপর আর কোনো নতুন চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। অভিনয়জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শতাধিক সম্মাননা পেয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।