ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি বাহুবলী এবার আসছে নতুন রূপে। অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছে ‘বাহুবলী: দ্য ইটারনাল ওয়ার – পার্ট ১’, যা নিয়ে বেশ আশাবাদী নির্মাতারা। তাদের বিশ্বাস, এটি শুধু ‘বাহুবলী’ ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতাই নয়, ভারতীয় অ্যানিমেশন শিল্পের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে চলচ্চিত্রটির প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা এবং পরিচালক ঈশান শুক্লা নতুন এই প্রকল্প সম্পর্কে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরিচালক ঈশান শুক্লার মতে, ভারতে অ্যানিমেশন চলচ্চিত্র এখনো মূলধারার দর্শকদের পুরোপুরি আকৃষ্ট করতে পারেনি। তবে ‘বাহুবলী’র মতো জনপ্রিয় গল্পকে অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করলে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে এই মাধ্যমের প্রতি আগ্রহ বাড়বে। প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা বলেন, “‘বাহুবলী’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি বিশাল কল্পজগৎ। এর গল্প, চরিত্র এবং বিস্তৃত পরিসর অ্যানিমেশনের মাধ্যমে আরও গভীর ও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব।”নির্মাতাদের মতে, ভারতীয় অ্যানিমেশন শিল্পের সবচেয়ে বড় সমস্যা প্রতিভার অভাব নয়; বরং প্রয়োজন পর্যাপ্ত বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা। সঠিক বাজেট ও প্রযুক্তিগত সহায়তা পেলে ভারতীয় অ্যানিমেশনও বিশ্বমানের কাজ উপহার দিতে সক্ষম। চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হবে এক রহস্যময় পরজগতকে ঘিরে।নির্মাতাদের ভাষ্য, এমন কল্পনানির্ভর ও বিশাল পরিসরের গল্প বাস্তব অভিনয়ের তুলনায় অ্যানিমেশনে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। তাই নতুন এই প্রকল্পে কল্পনা ও দৃশ্য বিন্যাসের পরিধি আরও বড় করা হয়েছে। দৃশ্যায়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিল্পনির্ভর উপস্থাপনায়।নির্মাতারা জানিয়েছেন, চলচ্চিত্রটির প্রতিটি দৃশ্য যেন চলমান চিত্রকর্মের অনুভূতি তৈরি করে, সেদিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি সংগীতেও থাকবে নতুনত্ব, যা ছবিটির স্বতন্ত্র আবহ গড়ে তুলবে। শুধু চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকছে না ‘বাহুবলী’ মহাবিশ্ব। ভবিষ্যতে ধারাবাহিক, গ্রাফিক উপন্যাস এবং ভিডিও গেমসহ বিভিন্ন মাধ্যমে এই জগতকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন নির্মাতারা।
নির্মাতাদের আশা, ‘বাহুবলী: দ্য ইটারনাল ওয়ার – পার্ট ১’ শুধু দর্শকদের বিনোদনই দেবে না, বরং ভারতীয় অ্যানিমেশন শিল্পের জন্যও একটি নতুন মাইলফলক হয়ে উঠবে।








