ইউটিউব চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজার এলাকার সুইচগেট সংলগ্ন বাদশার বাড়িতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নাটকটির শুটিং চলছে।একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মেঘ হিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শায়লা সাথী, আবিদ বিন প্রান্ত, দীপা খন্দকার, জেবুন্নেসা টুনটুনি, কাজী রাজু, রেশমা আহমেদ, বাপ্পী আশরাফ, শিউলী শিলা, মাসুদ আলম এবং পারিসা জান্নাতসহ আরও অনেকে।পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পীরা। অভিনেত্রী রেশমা আহমেদ বলেন, “নাটকটির গল্প খুবই সুন্দর। লোকেশন দূরে হলেও সবাই অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করছি। পরিচালক মেঘ হিম অত্যন্ত ধৈর্যশীল এবং যত্নবান। নতুন এই ধারাবাহিকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।” অভিনেত্রী শিউলী শিলা বলেন, “অনেকদিন পর একটি ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। মনোযোগ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। সহশিল্পী বাপ্পী আশরাফ ভাইয়ের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। তিনি একজন গুণী অভিনেতা।”
নাটকের অন্যতম অভিনেতা আবিদ বিন প্রান্ত বলেন, “অভিনয় জগতে আমি এখনো নতুন। প্রতিটি কাজই আমার কাছে শেখার সুযোগ। এই নাটকের সবাই আমাকে অনেক স্নেহ ও পরামর্শ দিচ্ছেন। নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। শায়লা সাথীর সঙ্গে কাজ করেও দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমাকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের সুযোগ দেওয়ার জন্য পরিচালক মেঘ হিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।” নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা, পারিবারিক সম্পর্ক, আবেগ ও মানবিক মূল্যবোধের গল্প নিয়ে নির্মিত ‘রক্তের বন্ধন’ দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে।








