কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারিবাগানের ভেতরে সুকৌশলে গড়ে তোলা গাঁজার বাগানে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে চারটি বড় গাঁজা গাছ জব্দ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের শবেদ আলীর ছেলে মাজেদুল ইসলাম ওরফে মঞ্জু তার বাড়ির পেছনে দুটি সুপারিবাগানে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সেখানে অভিযান চালান।অভিযানে মাজেদুলের বাগান থেকে রোপণকৃত চারটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এর মধ্যে দুটি গাছের উচ্চতা প্রায় ১২ ফুট এবং বাকি দুটি প্রায় ২ ফুট লম্বা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজেদুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান।ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।