রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের নেতৃত্বে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ বিরোধী বিশেষ এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি / প্রয়োজন ট্রমা কাটিয়ে ওঠার দীর্ঘমেয়াদি আয়োজন

অভিযানকালে আনিছুর রহমান বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে চালক ও মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দ দূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। তাই রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে।

jagonews24.com

এসময় তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে আইন মেনে চলার এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেআর/কেএসআর