ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে জাপানকে ২-১ গোলে হারিয়ে। নকআউটের প্রথম বাধা পেরিয়ে সেলেসাওরা ষষ্ঠ শিরোপার আরও কাছে পৌঁছে গেছে। ব্রাজিলের ফুটবলে ফিরেছে হলুদ ফুলের সুরভি। আইভরি কোস্ট ও নরওয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে তাদের শেষ ষোলোর ম্যাচ আগামী ৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে শুরু হবে। ব্রাজিল এই স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি খেলেছিল। শেষ ষোলোতে জিতলে কার্লো আনচেলত্তির দলের শিরোপা জিততে আরও তিনটি ম্যাচ বাকি থাকবে-কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। ব্রাজিল যদি ফাইনালে ওঠে, তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সেটা দেখে নেওয়া যাক।
কোয়ার্টার ফাইনাল
শেষ ষোলোর ম্যাচে জিতলে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ১২ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। তাদের সম্ভাব্য চার প্রতিপক্ষ হলো-মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। মেক্সিকো ও ইকুয়েডর মুখোমুখি হবে আজ সকাল ৭টায়। রাত ১১টায় কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এ দুই ম্যাচের জয়ীরা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে লড়াই করবে। জয়ী দল শেষ আটে ব্রাজিলের মুখোমুখি হবে।
সেমিফাইনাল
ব্রাজিল সেমিফাইনালে উঠলে ১৫ জুলাই রাত ১টায় তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, মিসর, কলম্বিয়া, ঘানা, সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার মধ্যে কোনো একটি দল। সেমিফাইনালে খেলতে হলে এই দলগুলোর যে কোনো একটিকে তিনটি নকআউট ম্যাচ জিততে হবে।
ফাইনাল
ফাইনালে উঠতে পারলে ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপার খোঁজে মাঠে নামবে ১৯ জুলাই নিউজার্সি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১টায়। ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও কানাডা। এছাড়া রয়েছে সুইডেন, প্যারাগুয়ে, মরক্কো, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, সেনেগাল ও বসনিয়া। তারা শেষ ষোলো, কোয়ার্টার এবং সেমিফাইনালজুড়ে একে অপরের মুখোমুখি হবে। সেলেসাওরা যোগ্যতা নিশ্চিত করলে, এদের মধ্যে শুধু একটি দলই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারবে।








