বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেই সফল জুটিই এবার ফিরছেন নতুন গান নিয়ে।
আগামী ২৯ জুন প্রকাশ পাবে সঞ্জয় দেব ও নোরা ফাতেহির নতুন গান ‘চ্যাম্পিয়ন’। ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ শুধু কোনো খেলার জয়কে ঘিরে তৈরি গান নয়; এটি মানুষের আত্মবিশ্বাস, সংগ্রাম এবং জীবনের প্রতিটি সাফল্য উদযাপনের বার্তা বহন করবে।
তিনি বলেন, “এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। ‘চ্যাম্পিয়ন’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।”
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে ‘চ্যাম্পিয়ন’র কাজ চলেছে। বিশ্বকাপের আবহকে কেন্দ্র করেই গানটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা ফাতেহি।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি।
আরও পড়ুন:
সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের
যে কারণে বলিউডে স্থায়ী হননি কমল হাসান
সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে।
এদিকে গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রচারণা। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নোরা ফাতেহি লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ন’র জন্য প্রস্তুত তো?”
তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন গানটি নিয়ে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।
এমএমএফ








