বর্তমানে বলিউডের অন্যতম সফল ও নির্ভরযোগ্য অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তবে এই অবস্থানে পৌঁছাতে তাকে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় গুণে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন।

২০২৩ সালে বিদু বিনোদ চোপড়া পরিচালিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেইল’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি। সিনেমাটি বিশ্বব্যাপী ৬৬ কোটির বেশি রুপি আয় করে। এছাড়াও, এই সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া বিক্রান্তের শৈশব খুব একটা সহজ ছিল না। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের আর্থিক দায়িত্ব ভাগ করে নিতে একটি কফিশপে টেবিল পরিষ্কারের কাজ শুরু করেন। এরপর ২৪ বছর বয়সেই পরিবারের জন্য একটি ছোট্ বাড়ি কিনে দেন। সেই সংগ্রামের পথ পেরিয়ে বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা।

২০০৭ সালে টেলিভিশন সিরিজ ‘ধুম মাচাও ধুম’-এ আমির হাসান চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন বিক্রান্ত। পরে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’-তে বিভা আনন্দের বিপরীতে স্বামীর চরিত্রে অভিনয় করে প্রথমবার দর্শকদের নজর আসেন।

প্রায় ছয় বছর টেলিভিশনে কাজ করার পর ২০১৩ সালে ‘লুটেরা’ সিনেমার মাধ্যমে বলিউডে বড় সুযোগ পান। সোনাক্ষী সিনহা ও রণবীর সিং অভিনীত বিক্রমাদিত্য মোটওয়ানের এই সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ও দর্শক—দু'পক্ষেরই প্রশংসা পান তিনি।

এরপর ‘হাসিন দিলরুবা’, ‘জিনি ওয়েডস সানি’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ এবং ‘মির্জাপুর’-সহ একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করায় চলচ্চিত্র অঙ্গনে বিক্রান্তের পরিচিতি বাড়তে থাকে।

সম্প্রতি এফএলও বেঙ্গালুরু অফিসিয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা স্মরণ করে বিক্রান্ত বলেন, “আমি ১৬ বছর বয়সে কাজ শুরু করি। স্বাভাবিকভাবে ওই বয়সে কেউ নিজের আরামদায়ক জীবন ছেড়ে উপার্জনের জন্য বের হতে চায় না, কিংবা কফিশপে টেবিল পরিষ্কারের মতো কাজ করতে চায় না।”

তিনি আরো বলেন, “আমাকে এই কাজ করতে হয়েছিল নিজের পড়াশোনার খরচ চালাতে এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে। এখন মনে হয়, জীবনের সেই পথটাই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। আমি কৃতজ্ঞ, কারণ সেই অভিজ্ঞতা না থাকলে আজ আমি এই মানুষটি হতে পারতাম না।” বিক্রান্ত জানান, কিশোর বয়সে কাজ করতে যাওয়ার বিষয়টি বন্ধুদের বলতে তার লজ্জা লাগত। তিনি বলেন, “ওই বয়সে বন্ধুদের বা অন্য কাউকে বলতে সংকোচ হতো যে পরিবারের দায়িত্ব নিতে আমাকে কাজ করতে যেতে হচ্ছে।”

বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন বিক্রান্ত ম্যাসি। অচিরেই তাকে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের জীবনীভিত্তিক একটি সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে।

*নিউজএইটিন অবলম্বনে