আবারও গিনেস বুকে স্থান করে নিয়েছেন বরিশালের মেয়ে নিপা। প্রথমবার কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার (মিনার) বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। পরেরবার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা বানিয়ে ফের গিনেসে উঠল নিপার নাম। এই নিয়ে তৃতীয়বার তিনি গিনেস বুকে নাম লেখালেন। বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা। বাংলাদেশে তিনিই প্রথম নারী, যার নাম তিনবার উঠেছে গিনেস বিশ্বরেকর্ডের খাতায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সবশেষ রেকর্ডটি করেন তিনি। জানতে চাইলে উচ্ছ্বাস প্রকাশ করে এই তরুণী বলেন, ‘কাগজের স্নো-ফ্লেক তৈরিতে রেকর্ড আগে ২৩ দশমিক ১৬ সেকেন্ডে চীনের দখলে ছিল। আমি সেটি ২১ দশমিক ৮৪ সেকেন্ডে শেষ করে রেকর্ডটি বাংলাদেশে এনেছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রেকর্ড করা হলেও কিছুদিন আগে গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে সনদটি পেয়েছি।’ এর আগে

২০২১ সালে করোনা মহামারির সময় এক হাতে ১ মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে সে সময় তিনি প্রথমবার নাম লেখান গিনেসে। পরে ২০২৪ সালে চপস্টিক দিয়ে ১ মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে গড়েছিলেন দ্বিতীয় রেকর্ড। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর তিনি। এখন শিক্ষকতা করছেন বেসরকারি একটি কলেজে।

নিপা জানান, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। আমার খেলাধুলার শখ থাকলেও বরিশালে মেয়েদের জন্য সে ব্যবস্থা নেই। ঘরে বসেই দেশ ও আমার শহর বরিশালকে বিশ্বের বুকে তুলে ধরতে এ রেকর্ড করেছি। ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান নুসরাত জাহান নিপা।