ফুটবল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা ও খুনসুটি নতুন কিছু নয়। বড় কোনো ম্যাচ শেষ হলেই ভক্তদের পাশাপাশি তারকারাও নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেন। এবার সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন উপস্থাপক ও অভিনেতা শারিয়ার নাজিম জয়।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেন তিনি। সেখানে লিখেন, "অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।"
জয়ের এই মন্তব্যে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার বক্তব্যকে আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা হিসেবে দেখছেন। তাদের মতে, ম্যাচে পরাজিত হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে, আর সেই বিষয়টিই ইঙ্গিত করেছেন তিনি।
অন্যদিকে, কেউ কেউ মনে করছেন এটি ছিল নিছক রসিকতা ও ফুটবলীয় খুনসুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কও দেখা গেছে। কেউ জয়ের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত মন্তব্য বলে অভিহিত করেছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বখেতাব নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা।
এমআই/জেআইএম








