ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে হাজির হয়েছেন অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি সবাইকে এ ইস্যুতে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে শোনারও অনুরোধ করেন এই অভিনেত্রী।

রোববার যন্তর-মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন পুনম পাণ্ডে। সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কেবল শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতেই তিনি সেখানে গেছেন।

পূনম বলেন, ‘আমি এখানে শুধু শিক্ষার্থীদের জন্য এসেছি। রাজনীতি করতে আসিনি, রাজনীতি সম্পর্কেও আমার কোনো মন্তব্য নেই। আমি চাই, শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখা হোক।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এই বিষয়টিকে রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে পরিণত করবেন না। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন, তাই তাদের কথা শোনা উচিত।’

আরও পড়ুন

সালমানের ভিডিও ভাইরাল, দুশ্চিন্তায় অনুরাগীরা

আন্দোলনস্থলে উপস্থিত হয়ে দীর্ঘদিন ধরে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার প্রতিও উদ্বেগ প্রকাশ করেন পুনম। তার মতে, কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারীকে নিজের দাবি আদায়ে জীবন ঝুঁকিতে ফেলতে হওয়া উচিত নয়। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হওয়া প্রয়োজন।

জানা গেছে, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন সোনম ওয়াংচুক। আন্দোলনকে কেন্দ্র করে যন্তর-মন্তরে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন।

পুনম পাণ্ডের আগে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজসহ আরও কয়েকজন তারকা। এছাড়া সোনি রাজদান, জিনাত আমান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন

৫০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন সালমান খান

পুনম পাণ্ডের বক্তব্যের পর আন্দোলনটি নতুন করে আলোচনায় এসেছে। তার স্পষ্ট বার্তা-শিক্ষার্থীদের দাবি নিয়ে রাজনৈতিক বিভাজন নয়, বরং তাদের ভবিষ্যৎ ও ন্যায়সংগত দাবিকেই গুরুত্ব দেওয়া উচিত।

এমএমএফ