আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত ঢালিউডের জনপ্রিয় নায়ক জায়েদ খান। গেল বিশ্বকাপে মেসি ও তার দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালের পরাজয়েও বিষাদে ঢেকেছে তার মন। সেই জায়েদ যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে।

আরও পড়ুন

সঞ্চালনা করবেন তাহসান, বিচারক হচ্ছেন যে পাঁচ তারকা

সেই দেশের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলা লাইভ’ কনসার্ট। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন দেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস।

একই মঞ্চে দর্শকদের বিনোদন দিতে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খানও।

দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও এবারই প্রথম পর্তুগালে যাচ্ছেন জায়েদ খান। বিশেষ করে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মভূমিতে প্রথমবার পারফর্ম করতে যাওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে। সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি ও বিনোদন তুলে ধরার সুযোগ পাব। ভাবতেই খুব ভালো লাগছে।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া জেমস তার কালজয়ী সব গান পরিবেশন করবেন। ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘তারায় তারায়’, ‘বাবা’, ‘মা’, ‘লেইস ফিতা লেইস’সহ দর্শকপ্রিয় অনেক গান নিয়ে মঞ্চ মাতাবেন তিনি বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, জায়েদ খানও তার স্বতন্ত্র স্টেজ পারফরম্যান্স, দর্শকদের সঙ্গে প্রাণবন্ত যোগাযোগ এবং বিশেষ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন

‘সেই কদমগাছ বড় হয়েছে, ফুলে ভরেছে, কিন্তু মানুষটি আর নেই’

এই আয়োজনের পেছনে রয়েছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি এ পর্যন্ত অন্যতম বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যেই অনুষ্ঠানটি ঘিরে লিসবনসহ আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কনসার্টটি নিয়ে চলছে ব্যাপক প্রচারণা।

 

এমআই/এলআইএ