অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নতুন নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিতে ভোলেন না অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সময়ের সঙ্গে বদলেছেন নিজের স্টাইল ও উপস্থাপনা, তবে জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি এই অভিনেত্রী। এবার গোলাপি রঙের স্নিগ্ধ আবহে নতুন লুকে ধরা দিলেন তিনি। আত্মবিশ্বাসী অভিব্যক্তি, সহজ সৌন্দর্য আর পরিমিত ফ্যাশনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো নজর কেড়েছেন এই অভিনেত্রী। একগুচ্ছ নতুন ছবিতে নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্টেরও জানান দিয়েছেন মিম।

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘর ভরে ওঠে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়। কেউ মিমকে বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলে প্রশংসা করেছেন, কেউ আবার তার সৌন্দর্য, স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসায় মুগ্ধতা প্রকাশ করেছেন। সব মিলিয়ে পোস্টটিতে সাড়ে চার হাজারের বেশি দর্শক প্রতিক্রিয়া জানিয়েছেন।

মন্তব্যের ঘরে অনুরাগীরা অভিনেত্রীর সৌন্দর্য, স্টাইল ও অভিব্যক্তির প্রশংসায় ভাসিয়েছেন। পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন’।

সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে দর্শকদের সামনে হাজির হন মিম। ‘মালিক’-এর পর জুন মাসে চরকিতে মুক্তি পেয়েছে মিম অভিনীত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’।

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ (২০০৮) সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বিদ্যা সিনহা মিমের। ‘জোনাকির আলো’ (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান তিনি। এছাড়াও, শমী কায়সার প্রযোজিত সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’-এর শুটিং শেষ হলেও ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়।

বড় পর্দা থেকে ওটিটি—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন মিম। ‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য সেভিয়ার’ ও ‘মানুষ’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।

২০২২ সালে সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। ব্যক্তিজীবনের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমেও ভালোবাসা আর ইতিবাচকতায় নিজেকে তুলে ধরেন এই অভিনেত্রী।

এক সময়ের লাক্স তারকা, এখন দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম ব্যস্ত ও আলোচিত মুখ। পর্দার চরিত্রের মতোই ফ্যাশনেও নিজস্ব ছাপ রাখেন বিদ্যা সিনহা মিম। নতুন এই ফটোশুটেও ধরা দিল তার সেই স্বতন্ত্র রুচির প্রকাশ। দুই দশকের ক্যারিয়ারে গ্ল্যামার, অভিনয় আর ব্যক্তিত্ব—সব মিলিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিদ্যা সিনহা মিম।