বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মভূমি পর্তুগালে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। দেশটির রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রথমবারের মতো পারফর্ম করবেন তিনি।
আগামী ২৬ জুলাই, লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ‘বাংলা লাইভ’ কনসার্ট। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন দেশের কিংবদন্তি রক তারকা, নগর বাউল মাহফুজ আনাম জেমস। একই মঞ্চে দর্শকদের বিনোদন দিতে থাকবেন চিত্রনায়ক জায়েদ খান।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে স্টেজ শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তার গন্তব্য পর্তুগাল। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে প্রথমবার পারফর্ম করতে যাওয়াকে নিজের ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে। সেখানে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে, তাদের সামনে আমাদের সংস্কৃতি ও বিনোদন তুলে ধরার সুযোগ পাব। ভাবতেই খুব ভালো লাগছে।”
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া জেমস এদিন পরিবেশন করবেন তার কালজয়ী সব গান। ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘তারায় তারায়’, ‘বাবা’, ‘মা’ এবং ‘লেইস ফিতা লেইস’সহ দর্শকপ্রিয় গান দিয়ে দর্শক মাতাবেন বলে প্রত্যাশা আয়োজকদের।
অন্যদিকে, জায়েদ খান তার স্বতন্ত্র স্টেজ উপস্থিতি, দর্শকদের সঙ্গে প্রাণবন্ত যোগাযোগ এবং বিশেষ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবেন বলে বিশ্বাস আয়োজকদের।
কাসা দো বাংলাদেশ ও নোটিসিয়া বাংলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। আয়োজকদের দাবি, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত অন্যতম বৃহৎ বাংলা সাংস্কৃতিক আয়োজন। ইতোমধ্যে লিসবনসহ আশপাশের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কনসার্টটি ঘিরে চলছে জোর প্রচার।








