রংপুরের তারাগঞ্জে আদালতের রায় এবং যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ্দ বেলাইচন্ডি গ্রামে ওই ঘটনায় ধানক্ষেত নষ্ট, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল জব্বার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় এজাহার দিয়েছেন।এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল জব্বারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী আনিছুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিকদের দীর্ঘদিনের বিরোধ। ওই জমি নিয়ে দেওয়ানি মামলায় আদালত আব্দুল জব্বারের পক্ষে রায় দেন। আদালতের নির্দেশে তারাগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর উপস্থিতিতে বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। এরপরও বিরোধপূর্ণ জমিতে বিবাদীদের প্রবেশে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত।ভুক্তভোগীর অভিযোগ, গত ৯ আগস্ট বিকেলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করেন। তারা ধানক্ষেত উপড়ে ফেলেন এবং সীমানা পিলার ও নেটের জাল ভাঙচুর করেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিলে আব্দুল জব্বার ও তার মেয়ে জেসমিন আক্তারকে মারধর ও গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাদের ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দেওয়া হয়।অভিযোগ অস্বীকার করে বিবাদী আনিছুল ইসলাম বলেন, “আমাদের বিরুদ্ধে ভাঙচুর বা মারধরের অভিযোগ ভিত্তিহীন। জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি এবং এ নিয়ে আদালতে মামলা চলছে।”তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “আদালতের আদেশ অমান্য করে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” \
রাজনীতি
আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই জমি দখল

শেয়ার করুন






