কর নথি (ফাইল) অডিটে পড়েছে বলে ভুয়া তথ্য দিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৫ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে করদাতাদের সঙ্গে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।
এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে তা শুধুমাত্র আইনানুগ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।
সতর্কবার্তায় বলা হয়, করসংক্রান্ত যে কোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে, কিংবা বিকাশ, রকেট, নগদসহ কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। এ ছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে হবে।
তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
The post অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর appeared first on ZoomBangla.







