আট বিভাগীয় শহরে ‘মহাশ্মশান যাত্রা’ শীর্ষক একক কনসার্ট করবে সোনার বাংলা সার্কাস। ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন প্রথম আলোকে জানান, আগস্টে ঢাকায় হবে সিরিজ কনসার্টের প্রথম শো। আট বিভাগীয় শহরের বাইরে কক্সবাজারেও শো রয়েছে।
গত ৮ জানুয়ারি কনসেপচুয়াল অ্যালবাম মহাশ্মশান প্রকাশ করে সোনার বাংলা সার্কাস। অ্যালবামে ‘ব্যর্থ মানুষ’, ‘আগুনের পঙ্খিরাজ’, ‘ডুবুরি’, ‘নরকে বৃষ্টি’, ‘মহাশ্মশান’সহ মোট ১৭টি গান রয়েছে। অ্যালবামের নামেই ‘মহাশ্মশান যাত্রা’ কনসার্টের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।
শিল্পীরা কেউ কারও চেয়ে শ্রেষ্ঠ নন: প্রবর রিপনইউটিউবে ‘মহাশ্মশান’ গানটি এরই মধ্যে প্রায় আড়াই লাখবার শুনেছেন শ্রোতা। গানটি শুনে নিজের মাকে মনে করছেন কেউ কেউ। ১ হাজার ২০০–এর বেশি মন্তব্য এসেছে। সজীব কুমার নামের এক শ্রোতা লিখেছেন, ‘এই গানটার প্রতিটা লাইন হৃদয় স্পর্শ করে গেল। আজ থেকে ১০০ বছর পরও এই গানটা অমর হয়ে থাকবে।’ তৌফিক মাহি নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘পৃথিবীতে মা নিয়ে যত গান শুনেছি, এটা তার মধ্যে সেরা।’
এর আগে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শীর্ষক একক কনসার্ট করেছে ব্যান্ডটি। ২০২১ সালের ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কনসার্টটি শুরু হয়। ২০২৫ সালের ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউসে শেষ শো হয়।
ব্যান্ডের লাইনআপে আছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক, সাদ চৌধুরী ও সামিউল মমিত।







