আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার পর  অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রণয়ন করেছে। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এ নিয়ে আলোচনা ছিল। তবে সরকার শুরু থেকেই বলে আসছে, এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। যেহেতু অধিকাংশ স্থানীয় সরকার নির্বাচন শুষ্ক মৌসুমে আয়োজনের পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী অক্টোবর থেকে নির্বাচন কার্যক্রম শুরু হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার পর সব ধাপ সম্পন্ন করতে সাধারণত ১০ থেকে ১২ মাস সময় লাগে। অর্থাৎ আগামী অক্টোবরে নির্বাচন শুরু হলে ২০২৭ সালের অক্টোবর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হতে পারে।

এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।