মাত্র আট বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে গাজীপুরের কালিয়াকৈরের শিক্ষার্থী সামিনা নূর তাজ। থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিক ২০২৬’-এ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে এই ক্ষুদে মেধাবী। সামিনা কালিয়াকৈরে অবস্থিত আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এই অসাধারণ সাফল্য উদযাপন করতে মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামিনা নূর তাজকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সামিনা নূর তাজ জামালপুর জেলার মেস্তা গ্রামের মো. সানোয়ার হোসেন মামুনের কন্যা। বর্তমানে তারা পরিবারসহ গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ জুন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক-প্রাথমিক শাখার নার্সারিতে ভর্তি হওয়ার মধ্য দিয়ে সামিনার শিক্ষাজীবনের সূচনা হয়। শুরু থেকেই অসাধারণ মেধা, আত্মবিশ্বাস এবং ইংরেজি ভাষার প্রতি আগ্রহের পরিচয় দিয়ে সে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে।

‘হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিক ২০২৬’ প্রতিযোগিতায় তার যাত্রা শুরু হয় চলতি বছরের ২৫ এপ্রিল ঢাকার স্মার্ট ইনোভেশন স্কুলে অনুষ্ঠিত প্রথম সিলেকশন রাউন্ডের মাধ্যমে। এরপর ২৩ মে নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে অনুষ্ঠিত পরবর্তী রাউন্ডে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে সে। সর্বশেষ গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশকে গৌরবান্বিত করে সামিনা নূর তাজ।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামিনা জানায়, তার এই অর্জনের পেছনে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা এবং অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাবা-মায়ের নিরন্তর উৎসাহ, বিশেষ করে মায়ের সার্বক্ষণিক পরিচর্যা ও দিকনির্দেশনা তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল বলেও জানায় সে।

আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. জলিল উদ্দিন বলেন, “সামিনা শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের গর্ব। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে যখন তাকে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে দেখতাম, তখনই মনে হয়েছিল এই শিশুটি একদিন বড় কিছু করবে। আল্লাহর রহমতে আজ সে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বৃদ্ধি করেছে। তার ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা এবং লেখাপড়ার সম্পূর্ণ ব্যয় আমাদের প্রতিষ্ঠান বহন করবে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এশিয়া সেরা হওয়ার পর এবার বিশ্বমঞ্চের পালা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের ‘ইউনিভার্সাল রাউন্ডে’ সামিনা নূর তাজ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবে। সেখানেও সফলতার ধারা বজায় রেখে সে বাংলাদেশের জন্য আরো একটি আন্তর্জাতিক গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।