নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ও এর বিপরীতে নেওয়া পদক্ষেপ জনগণ জানতে পারবেন বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর অ্যাপে লাইভ ট্র্যাক বা পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। এছাড়া অভিযোগের বিপরীতে নেওয়া পদক্ষেপে নাগরিকরা তাদের সন্তুষ্টির প্রতিক্রিয়া জানাতে পারবেন। এই সেবা পেতে গুগল প্লে-স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে।
আরও পড়ুন
৬ বিভাগে দুই দিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আব্দুস সালাম বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের উন্নত নগরীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডাটা অ্যানালিটিক্সভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী করতে ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।
তিনি বলেন, এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য বেশি সৃষ্টি হচ্ছে এবং কোথায় অতিরিক্ত জনবল বা যানবাহন প্রয়োজন— তা নির্ণয় করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এর ফলে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রম আরও সমন্বিত, কার্যকর এবং ব্যয়-সাশ্রয়ী হবে।
আরও পড়ুন
২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনগুলো?
ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ, সমন্বয় ও মূল্যায়ন করা সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে, যা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্মার্ট ঢাকা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার।
এমএমএ/কেএসআর








