সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৭ জুলাই) খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেন,“আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল হিসেবে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনাকে জুলাইয়ের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছি। যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পক্ষেই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো করা সম্ভব। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বিবৃতিতে তারা বলেন, “যারা এই অপকর্ম সংঘটিত করেছে আমরা দ্রুত তাদের গ্রেপ্তার এবং ইন্ধনদাতাসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করছি।”
বিবৃতিতে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা বলেন, “উক্ত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আবারো স্পষ্ট হয়ে উঠল। সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দায়িত্ব অবহেলাকারীদেরকে কঠোর জবাবদিহীতার আওতায় আনার দাবি জানাচ্ছি। জুলাইয়ের বিরুদ্ধে যারা উসকানিমূলক বয়ান উৎপাদন করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”








