রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করানো চটপটি বিক্রেতা মুন্নু শেখকে সম্মাননা ও আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টায় কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তার কার্যালয়ে মুন্নু শেখের হাতে এই অর্থ ও সম্মাননা তুলে দেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্নু শেখের ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগের খবর প্রকাশ পেলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি পান করানো সেই মুন্নু শেখকে সম্মাননা

মুন্নু শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের মোবারক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মুন্নু শেখের ১০ বছর বয়সী ছেলে সবুজ শেখের ব্লাড ক্যানসার ধরা পড়ে। ট্রেনযোগে খুলনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতের সময় অনেকদিন অসুস্থ ছেলেকে এক বোতল পানি কিনে দেওয়ার মতো টাকা তার পকেটে থাকতো না। দীর্ঘ লড়াই শেষে ২০২০ সালে সবুজ মারা যায়। সন্তানের মৃত্যুর পর মুন্নু শেখ প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন নকশিকাঁথা মেইল ট্রেনের কোনো তৃষ্ণার্ত যাত্রীকে পানির কষ্ট পেতে দেবেন না।

সেই প্রতিজ্ঞা থেকে গত চার বছর ধরে তিনি প্রতিদিন কালুখালী স্টেশনে ট্রেন থামার পর যাত্রীদের বিনামূল্যে টিউবওয়েলের ঠান্ডা পানি পান করাচ্ছেন। প্রতিদিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই চটপটির দোকান বন্ধ করে বালতি ও বোতল নিয়ে প্ল্যাটফর্মে হাজির হন তিনি। বিনিময়ে যাত্রীদের কাছ থেকে শুধু দোয়া ও ভালোবাসা চান।

ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি পান করানো সেই মুন্নু শেখকে সম্মাননা

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘মুন্নু শেখের মতো মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তিনি কোনো স্বার্থের জন্য নয়, শুধু মানবিক দায়িত্ববোধ থেকে দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যাচ্ছেন। তার এই মহৎ উদ্যোগকে সম্মান জানাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি তার পাশে দাঁড়ান, তাহলে তিনি আরও ভালোভাবে এ মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম