দিনাজপুরের বীরগঞ্জে মাছ বহনকারী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে ডাক্তার দেখাতে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় যাচ্ছিলেন নাজমুল ইসলাম। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা মাছ বহনকারী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মা-শিশু দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। এ সময় পিকআপটি দুজনকেই চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা শিশুর মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ শনাক্তের চেষ্টা করছে পুলিশ।