​রাজধানীর চকবাজার এলাকার পোস্তায় নিষিদ্ধ পলিথিন তৈরির একটি কারখানায় ঝটিকা অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-১০-এর সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। চকবাজারের পোস্তা এলাকার ওই পলিথিন কারখানায় নিয়মবহির্ভূতভাবে নিষিদ্ধ পলিথিন তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক মো. জুয়েল রানাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আইন অমান্য করার ঝুঁকি থাকায় পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানার মালিককেও মৌখিকভাবে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ​র‌্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সহযোগিতায় কোতোয়ালি থানাধীন বাবুবাজার সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে পোস্তা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ​অভিযান শেষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, "এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"