আনিফ রুবেদ

সাহানা মহাম্মদ হাসান একজন নিভৃতির মানুষ। অনেকটা আড়ালে থেকেই তার হৃদয়চর্চা—কাব্যচর্চা চালিয়ে যাচ্ছেন। আমার জানামতে, এখন পর্যন্ত তার চারটি কবিতার বই বেরিয়েছে। তার কবিতা পড়ে এক লহমায় বুঝে নেওয়া যায় আধ্যাত্মিক বিষয়-আশয়ে তিনি ডুব দিতে ভালোবাসেন। আপন সত্তার নদীতে ডুব দিয়ে যেসব অনুভূতি পান, তাই দিয়ে কবিতা রচনা করতে ভালোবাসেন।

আজকের কথা ‘অকায়শাস্ত্র’ নিয়ে। কায়হীন এ শাস্ত্র পড়ছি গত দুসপ্তাহ ধরে এবং দুই বাক্যের এই কবিতাগুলো পাঠ করে আনন্দ পেয়েছি। এগুলো পাঠে যে অনুভূতিমালা ভেতরে কাজ করেছে তা চমৎকার।

হাফিজ, খৈয়াম, মীর তকি মীর কবিগণ যে সমস্ত ভাবসম্পদ নিয়ে কাজ করেছেন; তেমনই ভাব ও ভাবনার দোল সাহানা মহাম্মদ হাসানের কবিতার অন্তরে-বাহিরে দেখতে পাওয়া যায়। তবে এটা কোনো নিষ্ফল অনুকরণ নয়। এর ভেতর সাহানা মহাম্মদ হাসানের স্বকীয়তা রয়েছে; সৃষ্টিতা রয়েছে, মেজাজ-মর্জি রয়েছে তার নিজের মতো। এ নিজস্বতা সেই নিজস্বতা, যা একজন কবি থেকে অন্য একজন কবিকে আলাদা করে।

নিজের ভেতরে আনন্দ তৈরি করা এবং সেই আনন্দকে জিইয়ে রাখার তাগিদ তিনি দিচ্ছেন বা প্রার্থনা জানাচ্ছেন সাকী রূপী সেই সত্তাকে—
৩.
পেয়ালা ভরিয়ে দিও, হাতে দাও সাকী
রাতভর নাচো তুমি নাচো নর্তকী।

আরও পড়ুন

বই আলোচনা / অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী: নারীবাদের দ্বন্দ্বময় সংলাপ

সর্ববিশ্বে সর্বস্তরে দুটি সত্তার মিলন বিরহ চলেছে নিরন্তর। এই কাঙ্ক্ষিত মিলন এই দুই সত্তার মধ্যে কে যে কীভাবে উপভোগ করে তা দারুণভাবে অপ্রকাশিত। এ প্রশ্ন জাগে—
৪.
সত্তাকে শুধাই আমি, আমাকেই করি সাক্ষী
নরনারীর একান্ত মিলনে কে কার দেহরক্ষী।

নিজের ভেতর নিজে সমাহিত হবার যে বোধ, তা এক সর্বগুণ প্রাপ্তির আনন্দ দেয়। এই সমাধীস্থভাব আলোর চলাচল এবং তার পিছু পিছু ছুটে চলা শব্দকেও অন্য এক মাত্রায় অনুভব করায়, স্তব্ধ করে দেয়—
৭.
আগে আগে আলো চলে পিছন পিছন শব্দ
আমার ভেতর আমি যেন কৌতূহলী স্তব্ধ।
১৩.
আলোতে আঁধার পাঠ আঁধারেতে আলো
নৈঃশব্দ্যে চিৎকার পাঠ আরও বেশি ভালো।

আরও পড়ুন

বই আলোচনা / ধীরে এসো বসন্ত: অবেলায় বেজে ওঠা বেহালা

সাহানা মহাম্মদ হাসানের কবিতার ভাব সুন্দর ভাষা সুন্দর; উপমা এবং উপমিত করার কৌশল সুন্দর। যেমন- ‘দেহ চলন্ত কবর’, ‘গনগনে কয়লাও ধীরে হয় শীতল’।

উল্লেখ্য, তার চারটি কবিতার বইয়ের নামই ‘অ’ দিয়ে শুরু। সাহানা মহাম্মদ হাসান হাসানের কবিতার রস বিতরিত হোক আরও আরও মানুষের ভেতরে। ভালোবাসা কবির জন্য।

এসইউ