রাঙামাটিতে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দলীয় নেতাকর্মীসহ পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র বানচাল করে দিতে হবে। পাহাড়ি-বাঙালি ভাইয়ে ভাইয়ে সবার শান্তিপূর্ণ সহাবস্থান সুদৃঢ় করতে হবে, যাতে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

পদত্যাগের একমাস পর বুধবার নিজ নির্বাচনি এলাকা রাঙামাটিতে ফিরে সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। ১ জুন শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ ছাড়েন তিনি। তার এ পদত্যাগের বিষয়টি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়।

বুধবার তিনি ঢাকা থেকে বিকালে রাঙামাটি পৌঁছলে কাউখালী উপজেলার বেতবুনিয়া গিয়ে মিছিল ও স্লোগানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দীপেন দেওয়ানকে বরণ করেন জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। এরপর তাদের প্রিয় নেতাকে বিশাল গাড়িবহরযোগে নিয়ে যাওয়া হয় রাঙামাটি শহরে দলীয় কার্যালয়ে। সেখানে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। এরপর কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন দীপেন দেওয়ান। এ সময় জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাইফুল ইসলাম পনিরসহ অনেক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, মন্ত্রী থেকে পদত্যাগে হতাশ না হয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ চালিয়ে যেতে হবে। আমি এখনো সংসদ-সদস্য আছি, সংসদ-সদস্যের দায়িত্ব পালন করছি। তাই হতাশার কিছুই নেই।

যতদিন দায়িত্বে আছি, এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাব।