মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার কন্যা নাদিমা মোহাম্মদী খানের (৩৯) ওপর তাঁর নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়ে নাদিমা খান শের–ই–বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় আজ রোববার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় গিয়ে ৫ জন হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার রাতে বরিশাল নগরের সদর রোডের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে নাদিমা মোহাম্মদী খান উল্লেখ করেন, গত ১৮ জুলাই আমি ও আমার চাচাতো বোন বাড়িতে আসি। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে এবং মাদকসেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। তখন আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি।

তার দাবি, ‘আমার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং যাতে আমি আর বাড়িতে না আসি, সে উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।’

ঘটনার পর পুলিশকে অবহিত করা হয় এবং রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ ৫ হামলাকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে নাদীমা আরও উল্লেখ করেন, তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মাদকসেবী ও মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো আল মামুন ইসলাম জানান, এই ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করে যাচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. হান্নান সাংবাদিকদের বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।