পাহাড়ের তিন প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের যৌথ উদ্যোগে এ ভাষা শিক্ষা ক্লাবের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একে এম ওবায়দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল একে এম ওবায়দুল হক বলেন, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং তাদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব ভাষার সংরক্ষণ ও চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন

পঞ্চগড় জেলা প্রশাসক / দেশের বাইরে ভালো কর্মসংস্থানের জন্য ভাষা শেখার বিকল্প নেই

তিনি আরও বলেন, এই ভাষা শিক্ষা ক্লাব শিক্ষার্থীদের মাতৃভাষা শেখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি এবং বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে ওঠে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত ভাষা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার, খাগড়াছড়ি সেনা রিজিয়নের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রবীর সুমন/এসজেডএইচ/এএসএম