মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করা হয়। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটক ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন দেশটির জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন- মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন।

টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা ওই তিনজনকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।