চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদ এ তথ্য জানান।
মারা যাওয়ারা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি রাজশাহীর তানোর উপজেলার কাইচামোহনপুর গ্রামের বাসিন্দা মো. এরশাদ আলীর মেয়ে মোসা. আশা (২৮) এবং হাসিনা বেগমের নাতনি চাঁপাইনবাবগঞ্জের লক্ষীপুর হাজিপাড়া গ্রামের মো. বাবুর মেয়ে মিম।
স্থানীয়রা জানান, বাড়ির ছাদে উঠার একটি লোহার মই বৃষ্টির পানিতে ভিজে বিদ্যুৎতায়িত হয়েছিল। আজ সকালে ওই মই দিয়ে ছাদে ওঠার সময় আশা খাতুন ও মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ওসি একরামুল হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








