চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। এঁরা হলেন বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তাঁর ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)। আজ মঙ্গলবার সকাল ৭টায় সদর উপজেলার বাদুরতলা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, আজ সকালে হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুতায়িত হয়েছিল। ফলে বেয়ে ওঠার সময় হাসিনা বিদ্যুতায়িত হন। এ সময় হাসিনা বেগমকে বাঁচাতে গেলে তাঁর ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।