মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে একসঙ্গে দুই বোনেরই মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মৌশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং আলিনুরের মেয়ে রাইসা (২)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে বড় বোন রাফিয়া পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা বুঝতে পেরে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।