চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।

আরও পড়ুন

আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ, তালাবদ্ধ প্রেসে পুলিশের নজরদারি

বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে যায়। সেই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম