ময়মনসিংহ নগরীর ছোটবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার তৈরির অভিযোগে ‘সবুজ প্রাঙ্গণ’ নামে একটি প্রতিষ্ঠানে নজরদারি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ যাওয়ার আগেই প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে মালিক মো. সবুজ রহমান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় সরেজমিনে দেখা যায়, ‘সবুজ প্রাঙ্গণ’ তালাবদ্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
এর আগে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন।
ময়মনসিংহ প্রেস মালিক সমিতির সভাপতি মো. ফারুক খান পাঠান জাগো নিউজকে বলেন, শুনেছি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার ও পোস্টার ওই প্রতিষ্ঠানটিতে তৈরি হচ্ছিল। এমন অভিযোগের পর তালাবদ্ধ দোকানের সামনে পুলিশ অবস্থান করছে। তবে পুলিশ আসার আগেই দোকান মালিক প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে চলে যান। এ ঘটনায় প্রেস মালিক সমিতির কোনো সম্পৃক্ততা নেই। এটি আইনবিরোধী কাজ।
ব্যবসায়ীরা জানান, ‘সবুজ প্রাঙ্গণে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার তৈরির বিষয়টি প্রথমে গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশের কাছে পৌঁছালে রোববার রাত থেকেই প্রতিষ্ঠানটির সামনে পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন
ঢাকায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানে নজরদারি করবে পুলিশ
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, ‘সবুজ প্রাঙ্গণ’ বর্তমানে তালাবদ্ধ রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।
স্থানীয় সূত্র জানায়, সবুজ প্রাঙ্গণের মালিক মো. সবুজ রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ব্যানার ও পোস্টার তৈরি করে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিলে ব্যবহৃত ব্যানারও ওই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
হোসাইন সুলভ/এসজেডএইচ/এএসএম








