বগুড়ার শাজাহানপুরে মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জু মিয়া শাজাহানপুর উপজেলার ঘাষিড়া এলাকার ফজলাল মিয়ার ছেলে। এ ঘটনায় রঞ্জু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে স্থানীয় একটি ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোরশেদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তাকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া ও তার ছেলে জুবায়ের এগিয়ে যান।
আরও পড়ুন
দুলাভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন শ্যালকও
এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের তিনজনকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে রঞ্জু মিয়া অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত খোরশেদ ও জুবায়েরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এসজেডএইচ/এএসএম








