স্বাস্থ্যসেবা ও গবেষণায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরি সার্ভিসের পরিধি আরও বিস্তৃত করেছে। বুধবার (১৫ জুলাই) মহাখালী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো একটি নতুন আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টার। এই নতুন কেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন থেকে আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এক্স-রে সেবা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক, সিনিয়র লিডারশিপ টিমের সদস্য এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর

নতুন এই উদ্যোগ সম্পর্কে আইসিডিডিআর,বির ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির বলেন, সেবাগ্রহীতারা দীর্ঘদিন ল্যাবরেটরি পরীক্ষার পাশাপাশি ইমেজিং ও স্ক্রিনিং সেবা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। তাদের সেই চাহিদার পরিপ্রেক্ষিতেই আমরা একই ছাদের নিচে আধুনিক এই সেবাগুলো চালু করেছি, যেন রোগীরা আরও সহজে ও সুবিধাজনকভাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে পারেন।

নতুন এই সেন্টারে অত্যাধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির পাশাপাশি যুক্ত হয়েছেন আইসিডিডিআর,বির অভিজ্ঞ চিকিৎসক ও রেডিওলজিস্টরা। উচ্চমানের ইমেজিং ও স্ক্রিনিং সুবিধা দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসায় সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী / বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ

অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ প্রতিষ্ঠানের সেবার সামাজিক দিকটি তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই সেন্টারের উদ্বোধন আমাদের ডায়াগনস্টিক ল্যাবরেটরি সার্ভিসের বিকাশে একটি মাইলফলক। আমাদের সেবাগ্রহীতারা জেনে গর্বিত হবেন যে, তাদের নেওয়া প্রতিটি পরীক্ষার মাধ্যমে যে সঞ্চয় হয়, তা দিয়ে আমরা ঢাকা, মতলব ও টেকনাফের হাসপাতালগুলোতে প্রতিবছর ৩ লাখেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে থাকি।

আইসিডিডিআর,বির এই নতুন উদ্যোগ সাধারণ রোগীদের জন্য মানসম্মত ডায়াগনস্টিক সেবা আরও সহজলভ্য ও উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: icddrb.org

এসইউজে/কেএসআর