পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারে সোনার গয়নার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা।
আজ সোমবার (৬ জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে বাজুস জানায়, আজ দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা। অন্যদিকে সনাতনী সোনার প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩৩ টাকা।
তালিকায় বাজুস আরও জানিয়েছে, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম পড়বে ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ২৪ টাকা। অন্যদিকে সনাতনী রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায়, ক্রেতাদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি গয়না বদল এবং কেনার ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।








