দীর্ঘ দিন ধরেই উৎপাদন বন্ধ রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের। শুধু তাই নয়, কোম্পানিটি লোকসানেও রয়েছে। তবুও, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ছে।
গত চার মাসে কোম্পানির শেয়ার দর ২৫৭ শতাংশ বেড়েছে। দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্যও নেই বলে জানিয়েছে মেঘনা পেট কর্তৃপক্ষ।
সোমবার (৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার ৫ জুলাই মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার ৮৪ টাকা ২০ পয়সা বেচাকেনা হয়েছে। গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩.৬০ টাকা। আলোচ্য সময়ে অর্থাৎ গত ৪ মাসে কোম্পানি শেয়ারের দর বেড়েছে ৬০.৬০ টাকা বা ২৫৭ শতাংশ। এই অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মেঘনা পেট কর্তৃপক্ষের ব্যাখ্যা চায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, দর বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
এদিকে, দীর্ঘ কয়েক বছর ধরে কোম্পানিটি লোকসানে রয়েছে। সর্বশেষ কত সালে লভ্যাংশ দেওয়া হয়েছি সেই তথ্যও নেই ডিএসইতে। অথচ অস্বাভাবিকভাবে কোম্পানির শেয়ার দর বেড়েই চলছে। তাই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মেঘনা পেট শেয়ারবাজারে ২০০১ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা।








