আজ (১ জুলাই) থেকে দেশের সব কোডভিত্তিক ডিজিটাল লেনদেন বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর প্ল্যাটফর্মে পরিচালিত হবে। এর ফলে যে কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের (পিএসপি) অ্যাপ ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করা যাবে।

নতুন ব্যবস্থায় দোকান বা মার্চেন্ট পয়েন্টে আর একাধিক প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোড রাখার প্রয়োজন হবে না। একটি বাংলা কিউআর দিয়েই সব প্রতিষ্ঠানের গ্রাহক লেনদেন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ জুন) মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআর কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ক্যাশলেস লেনদেন বাড়লে টাকা ছাপানো, পরিবহন ও ব্যবস্থাপনার ব্যয়ও কমে আসবে। এ ছাড়া বাংলা কিউআর জনপ্রিয় করতে নির্দিষ্ট একটি পর্যায় পর্যন্ত লেনদেন ব্যয় বাংলাদেশ ব্যাংক বহনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে গত এপ্রিলে জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালুর নির্দেশ দেয়।

সার্কুলারে আরও বলা হয়, মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করতে হবে এবং গ্রাহকের সহজে দেখার মতো স্থানে কিউআর প্রদর্শন করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে বাংলাদেশ ব্যাংক।

ইএআর/এসএনআর