দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রথমবারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ডিসকাউন্ট ফেস্ট। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা।
বুধবার (১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই মেলা হবে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজকরা জানান, একই ছাদের নিচে দেশি-বিদেশি ব্র্যান্ডের মানসম্মত পণ্য আকর্ষণীয় দামে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি দেশের উদীয়মান ব্র্যান্ডগুলোর পরিচিতি বৃদ্ধি, করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং নতুন বাজার সম্প্রসারণেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুবিধারও ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলে স্টল ভাড়ায় ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর প্রকল্প পরিচালক মো. তাসলিম আমিন শোভন বলেন, ঢাকা ডিসকাউন্ট ফেস্ট দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন দেশের খুচরা বাজারকে আরও গতিশীল করবে এবং ব্র্যান্ড ইকোসিস্টেমকে শক্তিশালী করবে।
ইভেন্টকম এর হেড অব অপারেশন শফিকুল ইসলাম বলেন, দেশে প্রথমবারের মতো এত বড় পরিসরে ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হচ্ছে। আকর্ষণীয় ছাড়ে মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। একই সঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নতুন বাজার, নতুন গ্রাহক ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ পাবে।
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজকদের চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এমপাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী বলেন, দেশের অসংখ্য নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য তৈরি করলেও বড় পরিসরে বাজারে নিজেদের তুলে ধরার সুযোগ পান না। ঢাকা ডিসকাউন্ট ফেস্ট তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে। এখানে তারা সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরতে পারবেন।
আয়োজকরা জানান, এখন থেকে প্রতিবছরই ঢাকা ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হবে। ঢাকার আয়োজন সফল হলে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরগুলোতেও এই আয়োজন ছড়িয়ে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছর ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১০-১২ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে।
ভবিষ্যতে দেশের বাইরেও এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
ইএআর/এমআইএইচএস








