নতুন স্মার্টফোনের পাশাপাশি শিগগিরই বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নাথিংয়ের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নাথিং ইয়ার ৩এ। তবে উন্মোচনের আগেই একাধিক তথ্য ও প্রচারণামূলক ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এসব তথ্য থেকে ইয়ারবাডটির ডিজাইন, রং, অডিও প্রযুক্তি এবং সম্ভাব্য দাম সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
জার্মান প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচার ডটডি-এর প্রতিবেদনে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, নাথিংয়ের তাদের সিগনেচার স্বচ্ছ ডিজাইন এবারও বজায় রেখেছে। চার্জিং কেসের পাশাপাশি ইয়ারবাডেও থাকছে স্বচ্ছ নকশা, যা নাথিংয়ের পণ্যের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নাথিং ইয়ার ৩এ-তে থাকবে ইন-ইয়ার ডিজাইন এবং ব্যবহারকারীর সুবিধার জন্য একাধিক মাপের পরিবর্তনযোগ্য সিলিকন ইয়ার টিপস। এতে কানে ভালোভাবে ফিট হবে এবং বাইরের শব্দ স্বাভাবিকভাবেই কিছুটা কম প্রবেশ করবে।
আরও পড়ুন
এক চার্জে টানা ৫৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
অডিওর দিক থেকেও বেশ কিছু উন্নত প্রযুক্তি যোগ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ারবাডটিতে থাকবে ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার, যা আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ সাউন্ড দিতে সক্ষম। পাশাপাশি এলডিএসি এবং হাই-রেজ অডিও ওয়্যারলেস প্রযুক্তির সমর্থন থাকায় উপযুক্ত স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করলে ব্লুটুথের মাধ্যমে উচ্চমানের অডিও উপভোগ করা যাবে।
আরও একটি নতুন ফিচার হিসেবে থাকছে টাচ-সেনসিটিভ কন্ট্রোল। ইয়ারবাডের স্টেমে স্পর্শ করেই ব্যবহারকারীরা কল রেকর্ডিং চালু করতে পারবেন। এছাড়া দ্রুত ছোট আকারের অডিও ক্লিপ সংরক্ষণের জন্য অডিও স্ন্যাপশট নামে একটি নতুন সুবিধাও থাকতে পারে। যদিও এই ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন
একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে নাথিং ইয়ার ৩এ-এর সম্ভাব্য দাম হতে পারে ৯৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকার কাছাকাছি (কর ও শুল্ক ছাড়া)। অর্থাৎ এটি প্রিমিয়াম নয়, বরং মিড-প্রিমিয়াম দামের মধ্যেই বাজারে আসতে পারে। নতুন ইয়ারবাডটি কালো, সাদা, হলুদ এবং গোলাপি এই চারটি রঙে পাওয়া যাবে।
কেএসকে








